মুরাদনগরে জমি নিয়ে বিরোধ: কৃষককে বালিতে মাথা চেপে হত্যার অভিযোগ

আপডেট : ২০ মার্চ ২০২১, ১২:৪৪ এএম

কুমিল্লার মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে ইব্রাহিম (৬০) নামে এক বৃদ্ধ কৃষককে বালিতে মাথা চেপে ধরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানার বি-চাপিতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। 

এ ঘটনায় পুলিশ সাগর (২৫) নামে একজনকে আটক করেছে। সাগর দেবিদ্বার উপজেলা সদরের মোল্লা বাড়ির জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত ইব্রাহিম তার ভাতিজা এরশাদ মিয়ার একটি জমিতে নিয়মিত চাষাবাদ করে আসছিল। এদিন ওই  জমিতে জোরপূর্বক চাষ করতে যায়  চাপিতলা গ্রামের বাতেন মোল্লার ছেলে সালাউদ্দিন। তখন ওই বৃদ্ধ কৃষক তাদের বাধা দিলে সাালাউদ্দিন ও তার ড্রাইভার সাগর তাকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় ওই বৃদ্ধ মাটিতে লুটে পড়লে অভিযুক্তরা তার মাথা চাপ দিয়ে বালির নিচে ধরে রাখে। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় নিহতের ছেলে ফারুক মিয়া বাদী হয়ে  একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার মূল হোতা সালাউদ্দিন পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর এ ঘটনায় সাগর নামে একজনকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত