সিরাজগঞ্জে সেবা ট্রেনিং সেন্টার নামে ভুয়া একটি সংস্থা সেলাই প্রশিক্ষণের নামে নারীদের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে রাতের আঁধারে উধাও হয়ে গেছে। গত ১০ মার্চ রাতে শহরের দরগা রোড এলাকার একটি বাসা থেকে ওই সংস্থাটি উধাও হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
ক্ষতিগ্রস্তরা জানান, চলতি বছরের ১ ফেব্রুয়ারি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে ওই সংস্থায় ৪৮ জন নারী ভর্তি হন। তাদেরকে স্টাফ হিসেবে প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। পরে একইভাবে আরও ২০০ নারীকে ভর্তি করা হয়। নিয়োগের শর্তে বলা হয়, ভর্তি হলেই সেলাই মেশিন ফ্রি দেওয়া হবে। কিন্তু ভর্তি হওয়ার এক মাস পরেও তাদের কোনো নিয়োগপত্র কিংবা সেলাই মেশিন দেওয়া হয়নি। ফলে গত ১২ মার্চ সকালে তারা ওই সংস্থার নির্বাহী পরিচালক মিজানুর রহমানকে দায়ী করে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন।
এ প্রশিক্ষণে ভর্তি হওয়া সিরাজগঞ্জ পৌর এলাকার বিভিন্ন মহল্লার বাসিন্দা সারিকা খাতুন ছন্দা, রিমোনী, রাশিদা খাতুন, সাদিয়া খাতুন বলেন তারা ১২ মার্চ সকালে অফিসে এসে তালা ঝুলতে দেখেন। দুপুরে তালা খুলে দেখা যায় ওই অফিসের কাগজপত্রসহ আসবাবপত্র কিছুই নেই। সেবা ট্রেনিং সেন্টার নামের এ সংস্থাটি তাদের কাছ থেকে সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণের তিন মাসের কোর্সে ভর্তি আবেদন ফরম বাবদ প্রথমে জনপ্রতি ২ হাজার ৫০ টাকা করে নেয়। এ সংস্থায় প্রায় ২৫০ জন নারী ভর্তি হন। সব মিলিয়ে এই প্রতারক চক্র ৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে বলে জানা গেছে।
সেবা ট্রেনিং সেন্টারের নির্বাহী পরিচালক মিজানুর রহমানের ব্যবহৃত ০১৮২১-২২২৭৯৫ নম্বরে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ বলেন, প্রতারক চক্রের টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনা শুনেছি। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
