ফেনীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ২৪ মার্চ ২০২১, ১১:৪৭ এএম

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০নং ঘোপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল হক মানিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, প্রতারণা, হয়রানি, সাজানো মামলায় ফাঁসানো ও হুমকি-ধমকির অভিযোগ এনে তার বিচার দাবিতে এক গৃহবধূ সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় ফেনী শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ জানিয়েছেন।

ভুক্তভোগী গৃহবধূ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে দায়ের করা পিটিশন মামলা সিআইডির কাছে হস্তান্তরেরও দাবি জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দাম্পত্য জীবনে অশান্তি ও স্বামীর বেপরোয়া জীবনের প্রতিকার চেয়ে ছাগলনাইয়া ১০নং ঘোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিকের শরণাপন্ন হই। এটাই আমার জীবনের কাল হয়েছে। চেয়ারম্যান আজিজুল হক মানিক আমাকে বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে টানা ৩ বছর ধর্ষণ করেছে। আমাকে বিয়ে না করে ছলচাতুরীর মাধ্যমে আমার সর্বস্ব লুটে নিয়ে আমাকে মেরে ফেলতে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করে। পরে আমাকে ফেনীর পেট্রোবাংলার একটি বাসায় মানিকের ক্যাডার বাদশা-১, বাদশা-২, এনাম ফারুক সবুজকে দিয়ে দেড় মাস আটকিয়ে রাখে। এরপর মানিক আমাকে ঢাকায় নেওয়ার কথা বলে তার গাড়িতে করে ময়মনসিংহের ফুলপুর উপজেলার একটি নিভৃত পল্লিতে নিয়ে যায়। সেখান থেকে আমাকে ভারতে পাচার করার ষড়যন্ত্র করে। ডিবি পুলিশ মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে আসামি ধরতে গিয়ে আমাকে উদ্ধার করে।

২০২০ সালের ৬ ফেব্রুয়ারি মানিকের ক্যাডার ইকবালের মাধ্যমে প্রাইভেটকার পাঠিয়ে আমাকে চট্টগ্রাম যেতে বলে। আমি চট্টগ্রাম গেলে আজিজুল হক মানিক পূর্ব পরিকল্পিতভাবে আমাকে ইয়াবা দিয়ে পুলিশের কাছে ফাঁসানো হয়। ওই মামলায় আমি জেলে যাই। পরে জানতে পারি থানার তদন্তকারী অফিসার এই মামলায় আজিজুল হক মানিককে ২নং আসামি ও ইকবালকে ৩নং আসামি করে চার্জশিট প্রদান করে। বর্তমানে মানিক আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি ও হত্যা করে লাশ গুম করার ভয়ভীতি প্রদর্শন করে আসছে।

গৃহবধূ নিজেকে চেয়ারম্যান মানিকের কবল থেকে মুক্ত করতে ও ধর্ষণসহ নানারকম হয়রানির ন্যায্য বিচারের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

গৃহবধূর আনীত অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আজিজুল হক মানিক বলেন, ‘আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে আমার প্রতিপক্ষ একটি গ্রুপ মানহানি ও হয়রানি করার জন্য এই নারীকে ব্যবহার করছে। তদন্তের মাধ্যমে সকল সত্য প্রকাশিত হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত