কোম্পানীগঞ্জে আ.লীগের পাল্টাপাল্টি কর্মসূচি স্থগিত করল প্রশাসন

আপডেট : ২৪ মার্চ ২০২১, ০২:৩৩ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২৬ মার্চ স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতা দিবস উপলক্ষে ডাকা আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি স্থগিত করে দিয়েছে পুলিশ প্রশাসন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি বুধবার দুপুর পৌনে ২টার দিকে দেশ রূপান্তরকে পাল্টাপাল্টি এ কর্মসূচি স্থগিত করার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে এ কর্মসূচি স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে শুধুমাত্র কোম্পানীগঞ্জে ২৬ মার্চ স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী ও স্বাধীনতা দিবস উপলক্ষে কোনো পক্ষই কোনো সভা, সমাবেশ মিছিল মিটিং করতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষার্থে সকল কর্মসূচি বন্ধ থাকবে। 

প্রসঙ্গত, নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের কর্মসূচির বিপরীতে পাল্টা কর্মসূচি দিয়েছে আবদুল কাদের মির্জা ঘোষিত উপজেলা আওয়ামী লীগ কমিটি।

২৬ মার্চ স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা আ.লীগ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলাব্যাপী কর্মসূচি ঘোষণা দেয়। পরে কাদের মির্জা গ্রুপ ১৭ ঘণ্টা পর বুধবার সকাল ১০টায় ফের উপজেলাব্যাপী পাল্টা কর্মসূচি ঘোষণা দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত