রাজনীতিবিদ এমএম শাহরিয়ার রুমি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাজধানীর সিএমএইচ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রুমি ৭০ ও ৭৩ সালের নির্বাচনে সংসদ সদস্য ও গভর্নর এবং বঙ্গবন্ধুর বাল্যবন্ধু শামসুদ্দীন মোল্লার জ্যেষ্ঠ সন্তান।
শাহরিয়ার রুমি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা। এ ছাড়া তিনি ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ও পরবর্তীকালে সহসভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন।
দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন রুমি। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করলে তার দুবার হার্টঅ্যাটাক এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। শারীরিক অবস্থা খারাপ হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুচিকিৎসার জন্য তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
