গাজীপুরে মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে ১৪ কিশোরী পালিয়ে যাওয়ার পর ৭ জনকে আটক করা গেলেও অন্য ৭ জনকে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে, তাদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ওসি কামরুল ফারুক জানান, বুধবার গভীর রাতে ১৪ জন কিশোরী পালিয়ে যায়। পরে জয়দেবপুর জংশন থেকে ৭ জনকে আটক করা গেলেও বাকিদের আটক করা যায়নি। তবে পুলিশের টিম তাদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। এ ছাড়া এ ঘটনায় ওই কেন্দ্রের স্টোরকিপার আব্দুর রহমান মোল্লা বাদী হয়ে ১৪ জনকে আসামি করে বাসন থানায় মামলা করেছেন।
এর আগে ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর ওই কেন্দ্র থেকে একই কায়দায় ১৭ জন হেফাজতি পালিয়ে গিয়েছিল। পরে অভিযান চালিয়ে ওইদিনই ১২ জনকে উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনা অনুসন্ধানে গাজীপুর জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছিল। গত ২৬ জানুয়ারি ওই কেন্দ্রে গলায় ফাঁস দিয়ে নাজমা আক্তার (২০) নামে এক নারী হেফাজতি আত্মহত্যা করেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
