পাবনার আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) দুলাল হোসেন (৪৭) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে থানা এলাকায় এ ঘটনা ঘটে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে থানা ভবন আলোকসজ্জা করা হয়। সেই সঙ্গে থানা চত্বরে স্যালুটিং ডায়াচে জাতীয় পতাকা উত্তোলনের স্টিলের পাইপের সঙ্গে জড়িয়েও আলোকসজ্জা করা হয়েছিল।
কোনোভাবে তার লিকেজ হয়ে স্টিলের সেই পাইপ বিদ্যুতায়িত হয়েছিল। এসআই দুলাল রাতে মোবাইল ফোনে কথা বলতে বলতে নিজের অজান্তেই সেই পাইপটি হাত দিয়ে ধরার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
