সহজ শর্তে ও পাঁচ শতাংশ করপোরেট সুদে ঋণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন ভবনে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন সহায়ক, সাধারণ ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির সদস্যরা।
এ সময় তারা হিসাব বিভাগের উপপরিচালক আব্দুল্লাহ আল আনসারীকে অন্যত্র বদলির দাবিও জানান।
সোমবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি শুরু করে দুপুর দেড়টায় কর্মসূচি শেষ করে।
কর্মসূচিতে সহায়ক কর্মচারী সমিতির সভাপতি সাব্বির হোসেন জানান, করপোরেট ঋণ সুদের হার নয় শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছেন।
উপাচার্য তাদের মৌখিক আশ্বাস দিলেও বাস্তবে তা কার্যকর করার কোনো উদ্যোগ গ্রহণ করেননি। উপাচার্য সর্বশেষ সাত দিনের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সাত দিনের মধ্যে কোনো প্রতিফলন দেখা যায়নি ফলে তারা আন্দোলনে শুরু করেন।
এদিকে হিসাব বিভাগের উপপরিচালককে অন্যত্র বদলির দাবি করে ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বলেন, ‘কর্মচারীরা লোনের বিষয় কথা বলতে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসাব বিভাগের উপপরিচালক আনসারী তাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। আজকের মত আমাদের আন্দোলন স্থগিত তবে আগামী ৩১ মার্চ বুধবার থেকে ধারাবাহিক আন্দোলনে যাবো।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেছেন, ‘কর্মচারীরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছেন। তাদের সব সমস্যা একবারে সমাধান করা সম্ভব নয়। তারপরও আমরা কথা বলে সমাধানের চেষ্টা করছি।’
