পবিত্র শবে বরাত উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে “পবিত্র শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
ওয়াজ মাহফিল শেষে বাদ এশা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।
মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
এ ছাড়া করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাংলাদেশসহ সারা বিশ্ব যাতে রক্ষা পায় ও নিরাপদ থাকে সেজন্যও বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মুসল্লীরা অংশ নেন।
পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানান।
তিনি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব আজ বিপর্যস্ত । বাংলাদেশেও করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। তাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে দেশ ও দেশের জনগণকে করোনার ছোবল থেকে রক্ষা করা। আর এ জন্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সরকার ইতিমধ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তাই আসুন আতঙ্কিত না হয়ে করোনা মোকাবিলা করি। পরম করুণাময় আল্লাহ তাআলা বিশ্ববাসীকে এই মহামারি থেকে রক্ষা করুন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন, ‘করোনাভাইরাস বর্তমানে সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে । আমাদের সরকার এই পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা জনগণকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি। এই মহামারিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ইবাদত করার আহ্বান জানাই। আল্লাহ তাআলার কাছে বিপদের এই সময় বিশেষ দোয়া করি, যেন এই সংক্রমণ থেকে আমরা সবাই দ্রুত মুক্তি পাই।’
