প্রবর্তক সংঘের সভা

ইসকন পুরোহিতদের মন্দির থেকে বহিষ্কারের সিদ্ধান্ত

আপডেট : ৩১ মার্চ ২০২১, ১২:৫০ এএম

চট্টগ্রামের পাঁচলাইশে সনাতনী হিন্দু প্রতিষ্ঠান প্রবর্তক সংঘের অভ্যন্তরে হামলার ঘটনার জন্য ইসকন পুরোহিতদের দায়ী করে তাদের মন্দির থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এ বিষয়ক এক মতবিনিময় সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে প্রবর্তক সংঘ।

গতকাল সংবাদ মাধ্যমে পাঠানো প্রবর্তক সংঘের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭২টি ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার বিষয়ক সংগঠনের দুই শতাধিক প্রতিনিধি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় প্রবর্তক সংঘের সম্পাদক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর সশস্ত্র হামলার জন্য ইসকনের সন্ত্রাসীদের ধিক্কার জানানো ও হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা; তাদের মন্দির থেকে বহিষ্কার করা; চিন্ময় ব্রহ্মচারীসহ ইসকনের যে সব কর্মকর্তা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে ইসকন নামধারী ‘সন্ত্রাসীদের’ পক্ষে অবস্থান নিয়েছেন এবং অনাথদের আশ্রয়স্থল প্রবর্তক ভূমি দখল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন তাদের প্রবর্তক এলাকা থেকে চিরতরে বহিষ্কার করা। এছাড়া সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত থাকায় ইসকন বাংলাদেশ কর্র্তৃপক্ষকে প্রবর্তক শ্রী শ্রীকৃষ্ণ মন্দিরে সব কার্যক্রম বন্ধ করে অনতিবিলম্বে প্রবর্তক মন্দির ছেড়ে যাওয়ার ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয় সভায়। সভায় অধ্যাপক তাপসী ঘোষ রায়, অধ্যাপক বেণু কুমার দে, অধ্যাপক সজীব কুমার ঘোষ, ডা. সুভাষ সূত্রধরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত