'গোপন বৈঠক থেকে' জামায়াতের ৮ নেতাকর্মীকে পুলিশে দিল আওয়ামী লীগ

আপডেট : ৩১ মার্চ ২০২১, ১১:৪৫ পিএম

ফেনীতে জামায়াতের আট নেতাকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। বুধবার সকালে সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের শ্রীপুর থেকে গোপন বৈঠকের সময় তাদের আটক করে পুলিশে দেওয়া হয়।

কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ জানান, বুধবার সকালে কয়েকজন নেতাকর্মী ওই গ্রামের জামায়াত নেতা রেজাউল হক মাস্টারের বাড়িতে জড়ো হন। সেখানে গোপন মিটিংকালে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ নেতাকর্মীরা টের পেয়ে ঘেরাও করে পুলিশে খবর দেয়। পরে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। গিয়ে তাদের আটক করে। 

আটকরা হলেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, কাজিরবাগ ইউনিয়ন আমির মাওলানা সাইফুল ইসলাম, জামায়াত নেতা সাহাব উদ্দিন মৃধা, দেলোয়ার হোসেন, ওমর ফারুক, হাফেজ মিজান, এরফান উদ্দিন ও রহমত উল্লাহ।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি এনএম নুরুজ্জামান জানান, আটক জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের মাধ্যমে জেলহাজতে প্রেরণের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত