রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে ২৩ মে

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ০১:০২ এএম

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়ে আগামী ২৩ মে (রোববার) দিন ধার্য করেছেন আদালত।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী নতুন এ তারিখ ধার্য করেন। এ নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি ৪৫ বার সময় নিয়েছেন তদন্ত প্রতিবেদন দাখিল করা জন্য।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়ে যায়। পরে হ্যাকার গ্রুপ অর্থপাচারের মাধ্যমে ওই টাকা ফিলিপাইনে পাঠিয়ে দেয়।

২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত