সিলেট নগরীর একটি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা যুক্তরাজ্যফেরত এক নারীকে (৩৫) উত্ত্যক্তের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে রাতেই হোটেলের এক কর্মচারীকে আটক করা হয়।
এ ঘটনায় ওই নারী বাদী হয়ে গতকাল শুক্রবার বিকেলে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে আটক ওই কর্মচারীকে।
কোতোয়ালি থানার ওসি আবু ফরহাদ মামলার বরাত দিয়ে জানান, গত বৃহস্পতিবার সকালে যুক্তরাজ্য থেকে বিমানের ফ্লাইটে সিলেটে আসা ৮৩ যাত্রীকে নগরীর নির্ধারিত হোটেলগুলোতে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এর মধ্যে ছয়জনকে রাখা হয় নগরীর দরগাগেটের নুরজাহান গ্র্যান্ড আবাসিক হোটেলে। এই ছয়জনের মধ্যে ওই নারীও ছিলেন। মামলায় উল্লেখ করা হয়েছে, হোটেলে ওঠার পর কর্মচারী শাহিন আহমদ (৩০) বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওই নারীকে মোবাইল ফোনে উত্ত্যক্ত শুরু করেন। রাত সাড়ে ১১টার দিকে শাহিন ওই নারীর কক্ষে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে ওই নারী তার এক আত্মীয়কে বিষয়টি জানান। ওই আত্মীয় আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে হোটেলের অভ্যর্থনা কক্ষে গিয়ে বিষয়টি অবহিত করেন। হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে হোটেলের কর্মচারী শাহিনকে আটক করে। প্রবাসী ওই নারীর করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নুরজাহান গ্র্যান্ড আবাসিক হোটেলের মালিক নাসিম আহমদ জানান, তাদের হোটেলে যে ব্যবস্থাপনা রয়েছে, সেখানে এরকম ঘটনার কোনো সুযোগ নেই। এরপরও অভিযুক্ত কর্মচারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং এ ব্যাপারে সুষ্ঠু তদন্তে পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
