গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় গত শুক্রবার হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এসআই কামরুল ইসলাম বাদী হয়ে ওইদিন মধ্যরাতে বাসন থানায় হেফাজতের ২৮১ নেতাকর্মীকে আসামি করে মামলাটি করেন।
মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০০/২৫০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ একই দিন মামলার ২১ আসামিকে গ্রেপ্তার করেছে।
বাসন থানার ওসি মো. কামরুল ফারুক দেশ রূপান্তরকে জানান, সরকারি কাজে বাধা ও দাঙ্গার অভিযোগে হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার ২১ আসামিকে ঘটনার দিনই গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা পলাতক রয়েছেন।
গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার থোয়াই অং প্রু মারমা দেশ রূপান্তরকে বলেন, হেফাজতকর্মীরা গত শুক্রবার চান্দনা ঈদগাহ মাঠে জমায়েত হতে থাকেন। পরে তারা পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গিয়ে বিক্ষোভের চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে লক্ষ্য করে হেফাজতকর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকে। এতে কমপক্ষে ৮ জন পুলিশ সদস্য আহত হন। একপর্যায়ে পুলিশের সঙ্গে হেফাজতকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। তখন পুলিশ লাঠিপেটা, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
