ছাত্র ইউনিয়ন সভাপতির ওপর হামলার বিচার দাবি জাবি শাখার

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ০১:৫৮ পিএম

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফয়েজ উল্লাহর ওপর হামলার সুষ্ঠু বিচার দাবি করেছে সংগঠনটির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ।

সোমবার এক যৌথ বিবৃতিতে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের ভারপ্রাপ্ত সভাপতি তুষার ধর ও সাধারণ সম্পাদক রাকিবুল রনি এ দাবি জানান।

প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমতিয়াজ অর্ণব পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মতো একটি বামপন্থী সংগঠনের নেতাকর্মী কর্তৃক ছাত্র ইউনিয়ন নেতার আক্রান্ত হওয়ার অভিযোগ আসা খুবই দুঃখজনক ও নিন্দনীয়। আমরা এ ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চাই।

তারা বলেন, ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়েই কেবল সকল হামলা-মামলার সমুচিত জবাব দেওয়া সম্ভব।

সিপিবি সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে এই ঘটনার আদ্যোপান্ত বের করে দোষীদের শাস্তির আওতায় আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ছাত্র ইউনিয়নের জাবি সংসদ।

প্রসঙ্গত, রোববার রাতে রাজধানীতে সিপিবি নেত্রী জলি তালুকদারের নেতৃত্বে ছাত্র ইউনিয়ন সভাপতি ফয়েজ উল্লাহর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। পুরানা পল্টনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক দীপক শীল জানান, সিপিবি নেত্রী জলি তালুকদারের নেতৃত্বে হামলায় অংশ নেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতা মঞ্জুর মইন, হকার্স নেতা হযরত আলীসহ পাঁচ-ছয়জন।

তবে জলি তালুকদার বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। আমি বাসায়। আমি এমন কেন করব। ফয়েজ আমার আদরের ছোট ভাই।’

হামলার ঘটনার পরে পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ে অবস্থান নিয়ে ছাত্র ইউনিয়ন নেতারা বিক্ষোভ করেছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে সিপিবির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত