জো বাইডেনের ডাকা জলবায়ু শীর্ষ সম্মেলনকে স্বাগত জানাল বিএনপি

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ০৮:২৩ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি।

শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত বাইডেন প্রশাসন এই জলবায়ু পরিবর্তনের বিষয়টাকে সম্পূর্ণ অগ্রাধিকার দিয়ে, গুরুত্ব দিয়ে বিশ্বের ৪০ টি দেশের নেতৃবৃন্দের সঙ্গে ভার্চুয়ালি আলোচনা করবেন এবং তারা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে অবশ্যই এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আমরা অবশ্যই মার্কিন প্রেসিডেন্টের এই উদ্যোগকে সমর্থন করি।

মির্জা ফখরুল বলেন, আমরা আশা করি, ৪০ টি দেশের নেতৃবৃন্দের সাথে বাইডেন প্রশাসনের আলোচনা থেকে একটি পথ বেরিয়ে আসবে, এটা স্ট্র্যাটেজিক পলিসি তৈরি হবে। তাতে আমরা ভবিষ্যতে এই পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারব।

তিনি বলেন, বিএনপি সব সময় জলবায়ু পরিবর্তনের বিষয়টাকে গুরুত্ব দিয়ে আসছে। বিশ্বের অস্তিত্ব আজকে বিপন্ন হয়ে পড়েছে। আমাদের উন্নত দেশ ও শিল্প উন্নত দেশসহ সারা বিশ্বে  যে কার্বন নিঃসরণ হয় এর ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, আক্রান্ত হবে যেসব দেশ তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ। বিশ্বের জলবায়ু পরিবর্তনের বিষয়টি যুক্তরাষ্ট্রের নির্বাচিত বাইডেন প্রশাসন অধিক গুরুত্ব দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে গতকাল সকালে ঢাকায় আসেন জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত