সরকার ঘোষিত লকডাউনের মধ্যে দিনাজপুর শহরে কোচিং সেন্টার খোলা রাখায় প্রতিষ্ঠানটির পরিচালককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বেলা ১১টায় দিনাজপুর শহরের বড়বন্দর এলাকায় ‘পড়ালেখা কোচিং সেন্টারে’ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাগফারুল হাসান আব্বাসী।
পড়ালেখা কোচিং সেন্টারের পরিচালক মহিন্দ্রনাথ রায় পাঁচবাড়ী ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক।
ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পড়ালেখা কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সেখানে বিপুল পরিমাণ শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া যায়। সরকার ঘোষিত লকডাউন উপেক্ষা করে নিয়মিত কোচিং সেন্টারটি পরিচালনা করা হচ্ছিল। এতে দিনাজপুরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদান করে আসছিলেন। অভিযানে কোচিং সেন্টারের পরিচালক মহিন্দ্র নাথ রায়কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে কোচিং সেন্টারের পরিচালক মহিন্দ্রনাথ রায় জরিমানার পরপরই নিজের ভুল স্বীকার করে কোচিংয়ের কার্যক্রম বন্ধ করে দেন।
