ফেনীর ফুলগাজীতে ফেনসিডিলসহ যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ফেনী-পরশুরাম সড়কের বন্দুয়া সেতু এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন ফেনী পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম নাদিম (২৮) ও যুবলীগকর্মী রাইসুল ইসলাম (২৫)। তাদের দুজনের বাড়িই ফেনী পৌরসভার রামপুর এলাকায়।
ফেনী গোয়েন্দা পুলিশের ওসি এন এম নুরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ফেনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু জানান, রেজাউল করিম নাদিমসহ দুজনকে ফেনসিডিলসহ আটকের বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। বিষয়টি সত্য হলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
