সুনামগঞ্জে কালবৈশাখীতে বিদ্যুতের নির্মাণাধীন ১৩টি খুঁটি ভেঙে সড়কে পড়ে গেছে। গতকাল রবিবার ভোরের দিকে অল্প সময়ের ঝড়ে সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কের বড়ঘাট এলাকায় খুঁটিগুলো ভেঙে পড়ে। এ লাইন দিয়ে বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন হওয়ার কথা। তবে লাইনের কাজ এখনো শেষ হয়নি।
খুঁটিগুলো ভেঙে রাস্তার ওপরে পড়ায় জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে। ১০ ঘণ্টা পর পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ খুঁটিগুলো সরালে যান চলাচল স্বাভাবিক হয়।
সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সূত্রে জানা যায়, রবিবার ভোরে অল্প সময়ের কালবৈশাখী হয়। এতে বড়ঘাট এলাকায় পল্লীবিদ্যুতের ৩৩ কেভি লাইনের ১৩টি খুঁটি বিদ্যুতের তারসহ ভেঙে সড়কের ওপর পড়ে যায়।
পল্লীবিদ্যুতের নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন ভূইয়া বলেন, এটি আমাদের ৩৩ কেভির নির্মাণাধীন লাইন। এখনো বিদ্যুৎ সরবরাহ হয়নি।
