নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ‘ভারপ্রাপ্ত আমির’ রেজাউল হক ওরফে রেজা ওরফে তানভীর মাহমুদ ওরফে শিহাবকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) করা রিমান্ড আবেদনের শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম মইনুল ইসলাম এ আদেশ দেন।
গত শনিবার বিকেলে রাজধানীর বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে রেজাউলকে গ্রেপ্তার করার কথা জানায় সিটিটিসি। গতকাল তাকে আদালতে হাজির করে ভাটারা থানার ‘সন্ত্রাসবিরোধী’ আইনের মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেন সিটিটিসির পরিদর্শক এস এম রাইসুল ইসলাম। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।
