তৈরি পোশাক কারখানা মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র ১৫তম পর্ষদের ১৪তম সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান। এ ছাড়া গঠনতন্ত্র অনুযায়ী চট্টগ্রাম অঞ্চল থেকে প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলামসহ ৭ জন সহসভাপতিও নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই পর্ষদ আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে বলে ফারুক হাসান দেশ রূপান্তরকে জানিয়েছেন।
নবনির্বাচিত সভাপতি ফারুক হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘বিজিএমইএ দেশের সর্ববৃহৎ রপ্তানি শিল্পের সর্ববৃহৎ সংগঠন। প্রায় ৮ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আমি ও আমার প্যানেল জয়লাভ করেছে। এজন্য ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞ। করোনা পরিস্থিতির কারণে দেশ, শিল্প ও অর্থনীতি ভয়াবহ বিপর্যয়ের মুখে। তাই বোর্ডের সব সদস্য ও সাধারণ সদস্যদের সঙ্গে নিয়ে এই সংকট মোকাবিলায় আমি কাজ করতে চাই।
