বিদেশফেরতদের কোয়ারেন্টাইন

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে আইনি নোটিস

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০১:৩১ এএম

বরোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে বিদেশ থেকে আসা ব্যক্তিকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে নিতে এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে উচ্চ আদালতের নির্দেশনার যথাযথ বাস্তবায়ন চেয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালকসহ সাতজনের উদ্দেশে গতকাল সোমবার এ নোটিস পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ।

অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বলেন, ‘বিদেশ থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হলে করোনাভাইরাস এতটা অনিয়ন্ত্রিত হতো না। হাইকোর্ট এক বছর আগে এ বিষয়ে সতর্ক করে আদেশ দিয়েছিল। যেখানে বিদেশফেরতদের বিষয়ে বিভিন্ন নির্দেশনা ছিল। কিন্তু নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় করোনার এত বিস্তার। আমি মনে করি দায়িত্বশীলদের ব্যর্থতার কারণেই দেশের মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে।’ তিনি বলেন, ‘নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জবাব দাখিল করতে বলা হয়েছে। ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে।’ আইনজীবী জানান, হাইকোর্টের নির্দেশনাগুলো বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন গত বছরের ১৬ এপ্রিলের মধ্যে দাখিল করতে ধার্য থাকলেও এখন পর্যন্ত কোনো প্রতিবেদন দেওয়া হয়নি। নোটিসে অগ্রগতি প্রতিবেদন দাখিল না করার কারণ জানতে চাওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত