গোয়ালে বাঁধা বকনা বাছুরের লাশ পাওয়া গেল ধানক্ষেতে

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১১:১৪ পিএম

গোয়ালে বাঁধা আট মাস বয়সি গরুর বাছুরকে রাতে খাবার দেন জগদীশ রবিদাস (৩৭)। পরদিন ভোরে ঘুম থেকে উঠে দেখেন গোয়ালে তার বকনা বাছুর নেই। অনেক খুঁজাখুজির পর মৃত অবস্থায় তাকে পাওয়া যায় ধানক্ষেতে।

এ ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পল্লী বিদ্যুৎ অফিসের পশ্চিম পাশে দুর্গাপুর লেংগুররা নামক গ্রামে। দেড় মাস আগে বাছুরটির মাকেও মৃত অবস্থায় একই গোয়াল ঘরে পাওয়া গেছে।

এ বিষয়ে বাছুরের মালিক মঙ্গলবার রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

বকনা বাছুরের মালিক শ্রী বচন রবিদাসের ছেলে জগদীশ রবিদাস জানান, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় গোয়ালে বকনা বাছুরটি বেঁধে রাখি। রাত অনুমান ১১টার দিকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়ি। মঙ্গলবার ভোর ৬টার দিকে ঘুম থেকে উঠে গোয়ালে এসে দেখি আমার বকনা বাছুর নেই। পরে স্ত্রী-সন্তান ও প্রতিবেশীদের নিয়ে আশপাশ এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে বাছুরটির সন্ধান পাইনি।

তিনি বলেন, বেলা আনুমানিক বেলা ১১টার দিকে জীবন ও লোকমান মোবাইলে জানায় আমাদের গ্রামের মাইনুদ্দিন মড়ল বাড়ির দক্ষিণ পার্শ্বে ধানক্ষেতে একটি মৃত বাছুর পড়ে রয়েছে। সেখানে গিয়ে দেখি বকনা বাছুরটি আমার এবং কাদামাখা অবস্থায় বাছুরটির গলায় রশি পেঁচানো ও জিব বের করে আছে।

তিনি বলেন, দেড় মাস আগে বাছুরটির মাকেও মৃত অবস্থায় পাওয়া যায় গোয়াল ঘরে। কে বা কারা গোয়াল থেকে আমার বকনা বছুরটি ধানক্ষেতে নিয়ে মেরে ফেলেছে। রাতের আঁধারে তুলে নিয়ে আমার ও পরিবারের অন্য সদস্যকে এভাবে মেরে ফেলতে পারে। এ অবস্থায় পরিবারসহ আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে আছি।

দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর এ আলম এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাতে অভিযোগ পেয়েছি এবং পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত