ফরিদপুরে ইতালি প্রবাসীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১১:৫৪ পিএম

ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের নওপাড়া বাসস্ট্যান্ডে ইতালি প্রবাসী এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নিহত ইতালি প্রবাসীর নাম মাসুদ মিয়া (৪০)। তিনি পৌর সদরের গজারিয়া গ্রামের হারুন অর রশিদ মিয়ার ছেলে। তিনি তার পরিবার নিয়ে ইতালিতেই বসবাস করেন। ভাঙ্গা পৌরসভার নির্বাচন উপলক্ষে কয়েকদিন আগে গ্রামের বাড়ি আসেন তিনি। ২০ এপ্রিল ইতালি যাওয়ার কথা ছিল তার।

জানা যায়, নওপাড়া বাসস্ট্যান্ডে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন ইতালি প্রবাসী মাসুদ মিয়া। প্রতিপক্ষ সাবেক পৌর কাউন্সিলর বাচ্চু মেম্বারের লোকজন ঘিরে ফেলে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত মাসুদকে স্থানীয় জনতা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মাসুদের মৃত্যুর সংবাদে গজারিয়া গ্রামসহ নওপাড়া গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভাঙ্গা হাসপাতাল থেকে মাসুদের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন রাজ্জাক ফকির ও সাবেক পৌর কাউন্সিলর বাচ্চু মেম্বারের দ্বন্দ্ব রয়েছে। এ নিয়ে উক্ত এলাকায় ইতিপূর্বে একাধিকবার দেশি অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। একইসঙ্গে সংঘর্ষ নিয়ে ভাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে।

ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজ্জাক ফকির জানান, এলাকায় সাবেক পৌর কাউন্সিলর বাচ্চু মেম্বার ও তার সমমনা লোকজন বড় ধরনের মারামারির পায়তারা করছে। রাত সাড়ে ৮টার দিকে আমাদের সমর্থক ইতালি প্রবাসী মাসুদ নওপাড়া বাসস্ট্যান্ডে বসে চা খাচ্ছিল। সেসময় বাচ্চু মেম্বারের লোকজন মাসুদের ওপর হামলা চালিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে মাসুদ মারা যায়।

তিনি বলেন, অত্যন্ত নম্র ও বিনয়ী দানশীল মাসুদ মিয়ার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নির্মমভাবে কুপিয়ে মাসুদকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছে এলাকাবাসী।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান জানান, মারামারির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে হাসপাতাল থেকে ইতালি প্রবাসীর মরদেহ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত