মুন্নি-কনার স্মৃতিতে সংগীত পরিচালক ফরিদ আহমেদ

আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ০২:৫৫ এএম

টানা ২০ দিন করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে হেরে গেলেন দেশের অন্যতম সংগীত পরিচালক ফরিদ আহমেদ। মঙ্গলবার পরপারে চলে যান তিনি।

অনেক কালজয়ী গানের সুরকার ফরিদ আহমেদ। লিটন অধিকারী রিন্টুর লেখা ও কুমার বিশ্বজিতের গাওয়া ‘তুমি ছাড়া আমি যেন মরুভূমি’ গানে সুর করে প্রথম প্রশংসিত হন তিনি।

এছাড়ও তার সুর করা আলোচিত গানের মধ্যে রয়েছে ‘ইত্যাদি’ ম্যাগাজিনের টাইটেল সং ‘কেউ কেউ অবিরাম চুপি’, ‘মনেরই রাগ অনুরাগ’, রুনা লায়লার ‘ফেরারি সাইরেন’, রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনের কণ্ঠে ‘দলছুট প্রজাপতি’, চ্যানেল আইয়ের ‘আজ জন্মদিন’, ‘ক্ষুদে গানরাজ’, ‘হৃদয়ে মাটি ও মানুষ’, সেরা কণ্ঠ প্রতিযোগিতার থিম সং, রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে ‘তুমি আমার জীবনের গহিনে’ প্রভৃতি।

২০১৭ সালে সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ফরিদ আহমেদ। ‘তুমি রবে নীরবে’ সিনেমায় সংগীত পরিচালনার জন্য এ পুরস্কার অর্জন করেন তিনি।

গুণী এই সংগীত পরিচালককে হারিয়ে শোকার্ত সংগীতাঙ্গন। শেষ বিদায়ে তাকে স্মরণ করেছেন কাছের সহকর্মীরা।

সুর ও কম্পোজিশনে স্বকীয়তা ছিল

দিনাত জাহান মুন্নি

ফরিদ আহমেদের সঙ্গে আমার খুব বেশি কাজ করা হয়নি। চয়নিকা চৌধুরীর একটি নাটকে তার গান করেছিলাম। সেটি বেশ সাড়া ফেলেছিল। এ ছাড়া বিশেষ দিবসের গান করিয়েছেন আমাকে দিয়ে। সর্বশেষ করেছি বাংলাদেশ বেতারের জন্য একুশে ফেব্রুয়ারির একটি গান। তার সঙ্গে যতগুলো কাজ করেছি প্রতিটি ছিল মানসম্মত। ভালো কাজ হলেই আমাকে ডাকতেন।

অসম্ভব সহজ সরল একজন মানুষ ছিলেন। গানের ব্যাপারে আবার ছাড় দিতেন না। যতক্ষণ শিল্পী ঠিক সুরে গাইতে না পারতেন, তিনি চেষ্টা করতেন ঠিক করার। তার ব্যাপারে যেটা সবচেয়ে বেশি খেয়াল করেছি সেটি হলো স্বকীয়তা। তিনি আলম খানসহ অনেক গুণী সংগীত পরিচালকের সহকারী হিসাবে কাজ করেছেন। কিন্তু তার সুর বা কম্পোজিশনে কারো ছাপ ছিল না। নিজের আলাদা স্টাইল ছিল তার।

ছোটবেলা থেকেই তার সঙ্গে কাজ করি

দিলশাদ নাহার কনা

আমি সেই ছোটবেলা থেকেই ফরিদ আহমেদের সঙ্গে কাজ করার সুযোগ পাই। সর্বশেষ কাজ করেছি ক’দনি আগেই। ২৬ মার্চের জন্য রেডিওতে একটি দেশের গান ছিল সেটি। তার ক’দিন পরেই তো অসুস্থ হয়ে পড়েন। আমাকে মেয়ের মতো স্নেহ করতেন। তার সুর ও কম্পোজিশন ছিল সাবলীল। তাই যখনই আমাকে ডাকতেন, খুশি মনে কাজ করতে যেতাম। সবচেয়ে বড় কথা, তিনি খুবই ভালো মনের একজন মানুষ ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত