চারশ’ টাকার চাকুরে জিয়ার বিএনপি ইতিহাসকে অস্বীকার করতে চায়: তথ্যমন্ত্রী

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ০৭:৪০ পিএম

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মুজিবনগর সরকারের অধীনে মাসে চারশ’ টাকার চাকুরে জিয়াউর রহমানের বিএনপি আজ ইতিহাসকে অস্বীকার করতে চায়।

মুজিবনগর দিবসে সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের পর তিনি এ কথা বলেন।

আজ বাংলাদেশের প্রথম সরকার গঠনের সুবর্ণজয়ন্তী উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। যুদ্ধের সেক্টর কমান্ডারসহ অন্যান্যরা এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন।

তিনি বলেন, জিয়াউর রহমানও এ সরকারের অধীনে চারশ’ টাকা বেতনে সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। দুঃখজনক হলেও সত্য যে, এই ঐতিহাসিক মুজিবনগর দিবসটি বিএনপি পালন করে না।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি অনেক কিছুই পালন করে না। তারা বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে না, ৭ মার্চ পালন করে না, মুজিবনগর দিবসও পালন করে না। এতে এটাই প্রমাণিত হয় যে, তারা ইতিহাসকে অস্বীকার করতে চায়।’

তিনি বলেন, ‘কিন্তু ইতিহাস হচ্ছে- জিয়াউর রহমান এই সরকারের অধীনেই চারশ’ টাকা বেতনে চাকরি করতেন।’

তথ্যমন্ত্রী বলেন, আজকে স্বাধীনতাবিরোধী অপশক্তি, সাম্প্রদায়িক গোষ্ঠী যারা দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের মূল পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত