খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ০৯:১৬ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শনিবার পর্যন্ত কোনো ধরনের জটিলতা দেখা যায়নি। এদিন দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন তার চিকিৎসক দলের এক সদস্য।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ‘রাত ৯টার পর আমরা চেয়ারপারসনের সর্বশেষ পরিস্থিতি দেখতে যাব। আমার সঙ্গে থাকবেন অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডা. আব্দুল শাকুর এবং মোহাম্মদ আল মামুন।

খালেদা জিয়ার ব্যক্তিগত এক স্টাফ দেশ রূপান্তরকে বলেন, ‘চেয়ারপারসনসহ আমরা যারা করোনায় আক্রান্ত হয়েছি সবাই ভালো আছি। কোনো ধরনের জটিলতা দেখা দেয়নি কারওই। আগামী শুক্রবার আবার করোনার টেস্টের জন্য নমুনা দেব। আশা করছি রিপোর্ট নেগেটিভ আসবে। তিনজন ফিরোজার বাইরে নিজ নিজ বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন।’

তিনি বলেন, ‘খালেদা জিয়াসহ ফিরোজায় অবস্থান করা তিনিসহ ৯জন করোনায় আক্রান্ত হন। খালেদা জিয়া ছাড়া বাকিদের টেস্ট গত শুক্রবার করতে দেওয়া হয়। সতর্কতার অংশ হিসেবে পরের দিন শনিবার বিএনপি চেয়ারপারসনের টেস্ট করতে দেওয়া হয়। ওই দিন রাত তিনটার দিকে খালেদা জিয়ার টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।’  

চিকিৎসক ও নেতাদের উদ্বেগ-উৎকণ্ঠা

এদিন বিএনপি নেতা এম ইলিয়াস আলীর নিখোঁজের ৯ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘এখনো আমরা শঙ্কিত। কারণ করোনায় আক্রান্ত হওয়ার এক সপ্তাহ পার হওয়ার পর আক্রান্ত ব্যক্তির জটিলতা দেখা দেয়। সে হিসেবে চেয়ারপারসনের এখন সেই সময় চলছে। তাই শঙ্কা ও আতঙ্কের মধ্যে আছি। তবে দেশবাসীর দোয়ায় এখন পর্যন্ত তিনি ভালো আছেন।’

ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা চেয়ারপারসনকে গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছি। সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত