লা লিগার শিরোপা লড়াইয়ে রোমাঞ্চকর ধাপে ৩ দল

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ০১:২৭ এএম

লা লিগার ত্রিমুখী শিরোপা লড়াই আজ থেকে নতুন মোড় নিচ্ছে। সব দলেরই ৮টি করে ম্যাচ বাকি। ৩০ ম্যাচে ৬৭ পয়েন্টে এগিয়ে আতলেতিকো মাদ্রিদ। তাদের চেয়ে এক ও দুই পয়েন্ট পিছিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। চতুর্থ স্থানের সেভিয়া ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষের আতলেতিকোর চেয়ে ৬ পয়েন্ট দূরে।

সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রিয়াল। তাদের বাকি ৮ ম্যাচের কোনোটই প্রধান প্রতিদ্বন্দ্বী আতলেতিকো বা বার্সেলোনার সঙ্গে নয়। বার্সা ও আতলেতিকোর নিজেদের মধ্যে ম্যাচ বাকি ন্যু ক্যাম্পে (৮ মে)। আতলেতিকো যদি ওই ম্যাচসহ সব ম্যাচ জেতে তাহলে রিয়াল বাকি ৮ ম্যাচ জিতলেও নগর প্রতিদ্বন্দ্বীকে ছুঁতে পারবে না। আবার বার্সেলোনা যদি ওই ম্যাচসহ সব ম্যাচ জেতে, তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৮৯। সেক্ষেত্রে শিরোপা জিততে রিয়ালের অন্য একটি হার কামনা করতে হবে তাদের।

আতলেতিকো বিলবাওয়ের সঙ্গে গতকাল কোপা দেল রে’র ফাইনালের জন্য বার্সেলোনার ৩১তম ম্যাচ ২৩ এপ্রিলের আগে নয়। ওই দিন গেতাফের সঙ্গে খেলবে তারা। তার আগে রিয়াল ও আতলেতিকো দুটো ম্যাচ খেলে ফেলবে। আজ এবং ২১ এপ্রিল দল দুটি খেলবে এইবার ও গেতাফে এবং হুয়েস্কা ও কাদিজের সঙ্গে।

এইবারের সঙ্গে এবারের প্রথম দেখায় আতলেতিকো ২-১ গোলে জিতলেও শেষ ১১ ম্যাচে তাদের পারফরম্যান্স ভালো নয়। মাত্র চারটি জিতেছে তারা। ৫ ড্র ও দুই হারে ১৬ পয়েন্ট খুইয়েছে তারা। অপর দিকে লিগে রিয়াল আছে জয়ের ধারায়। লিগে সবশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ২-১ এবং কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করায় চনমনে দলটি। গেতাফের সঙ্গে চলতি লিগের প্রথম দেখাতে ২-০ তে জিতেছিল জিনেদিন জিদানের দল। সব দিক বিচারে লা লিগার শিরোপা জয়ে তিন দলের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রিয়াল মাদ্রিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত