‘অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা নেই’: ১১০ কিমি রিকশা চালিয়ে সন্তানকে হাসপাতালে নিলেন বাবা

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ০৮:৩২ পিএম

অ্যাম্বুলেন্সের খরচ যোগানোর টাকা নেই দরিদ্র রিকশাচালক বাবার। সাত মাসের অসুস্থ সন্তানকে হাসপাতালে নিতে তাই ১১০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়েছেন। প্রায় ৯ ঘণ্টা রিকশা চালিয়ে মেয়েকে ঠাকুরগাঁও থেকে রংপুর মেডিকেলে নিয়ে যান। রিকশাচালক সেই বাবার নাম মো. তারেক ইসলাম। তার মেয়ের নাম জান্নাত।

ঘটনাটি সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয় রবিবার। রংপুর মেডিকেলের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন জান্নাতের অবস্থা কিছুটা ভালো বলে জানান তারেক।

রবিবার তারেক ইসলামের সংবাদমাধ্যমকে জানান, তার সাত মাসের শিশু সন্তান জান্নাতের রক্ত আমাশয় হওয়ায় গত ১৩ এপ্রিল ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরদিনও অবস্থার উন্নতি না হচ্ছিল না। বরং তা আরো খারাপের দিকে যাওয়ায় চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

তিনি বলেন, ‘পরে রংপুর মেডিকেলে নিতে একটা অ্যাম্বুলেন্স যোগারে আমি সর্বোচ্চ চেষ্টা করি। কিন্তু অ্যাম্বুলেন্স নিতে সাড়ে তিন থেকে চার হাজার টাকা ভাড়া লাগে। আমার মতো একজন রিকশাচালকের জন্য এটা অনেক বেশি।’

তিনি জানান, লকডাউনে আন্তঃজেলা বাস সার্ভিস বন্ধ থাকায় শনিবার তারেক ও তার পরিবার সিদ্ধান্ত নেন রিকশায় করেই তিনি তার সন্তানকে রংপুর মেডিকেলে নিয়ে যাবেন।

শনিবার সকাল ৭টার দিকে ঠাকুরগাঁও পুলিশ লাইনের বাসা থেকে তিনি ব্যাটারিচালিত রিকশা নিয়ে রওনা দেন। রিকশায় শিশু সন্তানের সঙ্গে স্ত্রী এবং শাশুড়ি ছিলেন।

তারেক বলেন, আমাদের মনে হচ্ছিল এ পথ বুঝি শেষ হবে না। তারপর আরো ৭ কিলোমিটার পথ রিকশার প্যাডেল চালিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছাই।

শনিবার বিকেল ৪টার পর সন্তানকে হাসপাতালে ভর্তি করাতে পেরেছেন জানিয়ে তিনি বলেন, যদি অ্যাম্বুলেন্স নিতাম চিকিৎসার সব টাকা পথেই শেষ হয়ে যেতো। তাহলে মেয়ের চিকিৎসা কীভাবে করতাম?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত