সারাদেশের অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানি শেষে সোমবার আরও ১ হাজার ৬৩৫ জন জামিন পেয়েছেন। এ নিয়ে গত পাঁচ কার্যদিবসে ১০ হাজার ৬৮১ জন জামিন পান।
সোমবার রাতে দেশ রূপান্তরকে এ তথ্য জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।
করোনাভাইরাস সংক্রমণ রোধে সুপ্রিম কোর্টের নির্দেশে গত ১২ এপ্রিল থেকে দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ছাড়া ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতীব জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।
প্রসঙ্গত, করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে মানুষের চলাচলে সরকার ঘোষিত বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে গত ৫ এপ্রিল থেকে বন্ধ রয়েছে বিচারিক আদালতের নিয়মিত কার্যক্রম।
এর মধ্যে গত ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের বিধিনিষেধ জারি করে সরকার। গতকাল এ বিধিনিষেধ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
গত ১১ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে অধস্তন আদালতগুলোকে ১২ এপ্রিল থেকে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও জরুরি ফৌজদারি দরখাস্ত নিষ্পত্তির নির্দেশ দেয়।
