হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের ওপর ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে কালামপুর এলাকায় ওই হামলার ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলায় জড়িত অভিযোগে হেফাজতের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজত নেতা মামুনুল হকের রিসোর্ট-কাণ্ডকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের মামলায় সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কালিয়াকৈরে পুলিশের ওপর ককটেল হামলার কথা জানিয়ে থানাটির ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে ধংসাত্মক কার্যক্রম ঘটানোর জন্য কিছু দুষ্কৃতকারী চন্দ্রা-কালামপুর রোডের চন্দ্রা সিএনজি স্ট্যান্ড এলাকায় অবস্থান করছে বলে পুলিশ খবর পায়। এর পরিপ্রেক্ষিতে গাজীপুর জেলা পুলিশের একটি দল গত রবিবার রাত সোয়া ১২টার দিকে কালামপুর এলাকায় গেলে ৩৫ থেকে ৪০ জন দুষ্কৃতকারী পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এতে তিন পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশও কয়েক রাউন্ড শটগানের গুলি ছোড়ে। পরে দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে কালিয়াকৈর উপজেলা হেফাজতে ইসলামের আমির এবং চন্দ্রা দারুল-উলুম মাহমুদ নগর মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা মো. এমদাদুল্লাহ ওরফে এমদাদুল হক (৫০), ওই মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আশরাফুল ইসলাম (৪০) ও মোহাম্মদ আলী (৪৮) নামে এক ব্যক্তিসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা সম্পর্কে তিন ভাই। হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি মনোয়ার হোসেন।
সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি গ্রেপ্তার : সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৩ এপ্রিল মামুনুল হক নারীসহ অবরুদ্ধের ঘটনায় হেফাজত সমর্থকরা রয়েল রিসোর্ট, আওয়ামী লীগ কার্যালয় ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে। ওই ঘটনায় চেয়ারম্যান আব্দুর রউফ জড়িত ছিলেন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।
চেয়ারম্যান আব্দুর রউফ শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে বছরখানেক আগে পদত্যাগ করে জাতীয় পার্টিতে যোগ দেন। সম্প্রতি তিনি উপজেলা জাতীয় পার্টির সভাপতি হন।
সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘সোনারগাঁয়ে হেফাজত-কা-ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের ঘটনায় উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিনের দায়ের করা মামলায় আব্দুর রউফকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের বাদী হয়ে করা অপর আরেকটি মামলায়ও তিনি আসামি। দুটি মামলায় সাত দিন রিমান্ড চেয়ে আব্দুর রউফকে আদালতে পাঠানো হয়েছে।’
