ফুটবলকে বাঁচাতে ইউরোপিয়ান সুপার লিগ: রিয়াল প্রেসিডেন্ট

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০৩:০৩ পিএম

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন আসর ইউরোপিয়ান সুপার লিগ (ইউএসএল) শুরুর ঘোষণা দেওয়ার পরপরই তোলপাড় ফুটবল বিশ্ব। কেন এই নতুন ফুটবল লিগ? উত্তরে বিশ্বের অন্যতম ধনী ক্লাব রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়েছেন, ‘ফুটবলকে বাঁচাতে’ ইউরোপিয়ান সুপার লিগ সৃষ্টি হচ্ছে।  

ইতিমধ্যে এই ‘বিদ্রোহী’ লিগে প্রতিষ্ঠাতা ১২ দল নাম লিখিয়েছে। যেখানে আছে ইংলিশ প্রিমিয়ার লিগের ‘বিগ সিক্স’ লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, চেলসি ও টটেনহাম। স্পেনের তিন দল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ইতালির তিন জায়ান্ট জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলান। ২০ দলের এই লিগে পরে প্রতিষ্ঠাতা দল হিসেবে যোগ দেবে আরও ৩ দল এবং ঘরোয়া লিগের পারফরম্যান্স অনুযায়ী থাকবে ৫ দল।

আগস্টের দিকে শুরু হতে পারে সুপার লিগ। তবে ধারণা করা হচ্ছে, নতুন এই সূচিতে ক্ষতিগ্রস্ত হতে পারে ইউরোপের শীর্ষ লিগের ঘরোয়া লিগগুলো। যার কারণে প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি’আ এবং সংশ্লিষ্ট লিগগুলোর ফুটবল ফেডারেশন বিবৃতিতে জানিয়ে দিয়েছে, তারা এই লিগ মানবে না। এমনকি ক্লাব ও খেলোয়াড়দের জাতীয় দলে নিষিদ্ধ করার কথাও উঠে এসেছে। তারপরও কি হবে ইউরোপিয়ান সুপার লিগ?

পেরেজ মনে করেন, নতুন এই টুর্নামেন্ট দর্শক-সমর্থকদের আগ্রহ সৃষ্টি করবে। তিনি জানান, নতুন এই লিগের কারণ, তরুণেরা এখন আর আর ফুটবলের প্রতি খুব বেশি আগ্রহী নয়। তার কারণ হিসেবে ম্যাচের অনেক দুর্বল ম্যাচ কোয়ালিটিকে দায়ী করেন রিয়াল প্রেসিডেন্ট।

পেরেজ বলেন, ‘যখন কোনো পরিবর্তন আসে, তখন লোকজন সব সময় তার বিরোধিতা করে।’

রিয়াল প্রেসিডেন্ট আরও জানান, শীর্ষ দলগুলো অর্থ হারাচ্ছে এবং বড় দলগুলোর মধ্যে লড়াই তাদের রাজস্ব বাড়াতে সহায়তা করবে। স্প্যানিশ টিভি শো এল চিরিঙ্গুইতো দে জুগোনেসে পেরেজ বলেন, ‘এই সংকটময় মুহূর্তে ফুটবলকে বাঁচানোর জন্য আমরা এটা করছি। আমরা যদি চ্যাম্পিয়নস লিগ চলমান রাখি তবে ধীরে ধীরে আগ্রহ কমতে থাকবে এবং এক পর্যায়ে তা শেষ হয়ে যাবে।’

এদিকে বিদ্রোহী সুপার লিগের ঘোষণার মধ্যে চ্যাম্পিয়নস লিগেও পরিবর্তনে কথা জানিয়েছে উয়েফা। ২০২৪ সাল থেকে ৩২ দলের পরিবর্তে ৩৬ দল নিয়ে চ্যাম্পিয়নস লিগের পরিকল্পনার কথা জানায় ক্লাব ফুটবলের এই সংস্থা।

তবে এই ব্যাপারে পেরেজ বলেন, ‘২০২৪ সালে শুরু হতে যাওয়া নতুন এই ফরম্যাট এখনো অস্পষ্ট। তত দিনে আমরা সবাই মরে যাব।’

তিনি আরও বলেন, ‘৫০ সালেও অবস্থা একইরকম থাকবে। উয়েফা ও ফিফা নতুন ইউরোপিয়ান কাপের বিরুদ্ধে। তবে এই প্রতিযোগিতা ফুটবলকে পাল্টে দেবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত