করোনায় আক্রান্ত হয়েছে বর্ষীয়ান অভিনেতা ও নির্মাতা আলমগীর। সম্প্রতি টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছিলেন তিনি।
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন আলমগীরের স্ত্রী গায়িকা রুনা লায়লা।
তিনি বলেন, “উনি করোনায় আক্রান্ত হয়েছেন। স্থানীয় একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা সবাই খুবই ভালো ও আন্তরিক। আলমগীর সাহেবের মধ্যে ভালো স্পিরিট আছে।”
অভিনেতা ‘বেশ ভালো আছেন’ উল্লেখ করে তার পুরোপুরি সুস্থতার জন্য দোয়া চান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা।
এ বিষয়ে ফেইসবুকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান লেখেন, “খবরটা লিখতে চেয়েছিলাম না। কারণ আলমগীর ভাই নিষেধ করেছিলেন। কিন্তু না জানালে আমার অন্যায় হবে, তাই দোয়া চাচ্ছি সবার কাছে। আলমগীর ভাই করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই দিন আগে। শারিরীকভাবে তিনি ভালো আছেন। সবাই দোয়া করবেন তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন।”
গত ১৪ ফেব্রুয়ারি আলমগীর ও রুনা লায়লা করোনার প্রথম ডোজ টিকা গ্রহণ করেছিলেন। ১৭ এপ্রিল নেন দ্বিতীয় ডোজ। সেদিন আলমগীরের তিন সন্তানও টিকা নেন।
