লোকসানের কারণে বন্ধ হতে চলেছে রাজধানীর ফার্মগেটে অবস্থিত আনন্দ ও ছন্দ সিনেমা হল। হল দুটির ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন মোহাম্মদ জানালেন, দীর্ঘদিন ধরেই আমরা লোকসান গুনে আসছি। প্রায় অর্ধ কোটি টাকার মতো ঋণও হয়ে গেছে। এসব কারণে সিনেমা হল দুটি বন্ধ হয়ে যেতে পারে। করোনার মধ্যে ‘বিশ্বসুন্দরী’ ও ‘তুমি আছো তুমি নেই’ দুটি সিনেমা থেকে কিছুটা সেল বেশি পেলেও আবার সবকিছু কমেছে করোনার সেকেন্ড ওয়েবে। এর মধ্যেও স্থানীয় থানা-পুলিশি ঝামেলাতেও পড়তে হয়েছে একাধিকবার।’
তিনি জানান, আনন্দ ও ছন্দ সিনেমা হল দুটির দৈনিক খরচ হয় ২৪ হাজার ৯৫১ টাকা। যা মাসে গিয়ে দাঁড়ায় ৭ লাখ ৪৮ হাজার ৫৩০ টাকা। যে টাকা সিনেমা চালিয়ে আয় করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, “আমরা যদি প্রতি মাসে এই টাকা তুলতে পারি, তাহলে সিনেমা হল ব্যবসায় টিকে থাকতে পারবো। নচেৎ সম্ভব হবে না।’
হল দুটির শুরুতে কর্মী ছিল ৪০ জন। বর্তমানে রয়েছে ৩২ জন। গত বছর থেকে তাদের ২৪ লাখ টাকা বেতন বাকি বলেও জানালেন এই ব্যবস্থাপক। সিনেমা হল বন্ধ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বিদ্যুৎ বিল, পানি বিল, ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স, পৌরকর সব মিলিয়ে কাগজপত্র অনুযায়ী দেনা হয়েছে ৫৫ লাখ টাকা। গত বছর থেকে এই এপ্রিল মাস পর্যন্ত। দেনার দায়, তার উপর বর্তমানে সিনেমার যে অবস্থা অচিরেই সিদ্ধান্ত নেয়া হতে পারে ‘আনন্দ’ ও ‘ছন্দ’ সিনেমা হল চিরতরে বন্ধ করার। তবে আমাদের ফান্ডে কিছু অর্থ জমা রয়েছে কোর্ট অনুমতি দিলে সেখান থেকে হয়তো কিছু অর্থ পাবো দেনা পরিশোধের জন্য। নইলে এই দেনার দায়ে চিরতরে হল দুটি বন্ধ করে দেয়া ছাড়া আর উপায় নেই।’
