শ্রীলঙ্কায় অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর ছয়জনের শরীরে রক্ত জমাট বাঁধার উপসর্গ দেখা গেছে। যাদের মধ্যে তিনজন মারা গেছেন। গতকাল বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী পাভিত্রা ওয়ানিয়ারাচ্চি পার্লামেন্টে এ তথ্য দেন বলে জানিয়েছে বিবিসি।
শ্রীলঙ্কায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত সেখানে প্রায় ১০ লাখ মানুষকে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। রক্ত জমাট বাঁধা এবং সে কারণে মৃত্যুর খবর দিলেও অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কার্যক্রম স্থগিতের কোনো ঘোষণা এখনো শ্রীলঙ্কা সরকার দেয়নি। গত মার্চে নরওয়ে ও ডেনমার্কে প্রথম এই সমস্যা দেখা দেয়। অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার ডোজ নেওয়ার পর এই দুটি দেশের প্রায় ৪০ জনের দেহে রক্ত জমাট বেঁধে যাওয়ায় এই টিকার প্রয়োজন সাময়িকভাবে স্থগিত করেছিল ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, বুলগেরিয়া, আইসল্যান্ড, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ। যুক্তরাজ্যেও অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর ৩০ জন রক্ত জমাট বাঁধা সমস্যায় আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ জনের।
তবে এখন পর্যন্ত শ্রীলঙ্কাই এশিয়ার প্রথম দেশ, যেখানে টিকা নেওয়ার পর এই সমস্যা দেখা দিল। ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) অবশ্য জানিয়েছে, রক্ত জমাট বাঁধার সঙ্গে অ্যাস্ট্রাজেনেকা টিকার সরাসরি কোনো সম্পর্ক পাওয়া যায়নি।
