‘লকডাউনে’ কর্মহীন পরিবহনের চালক-শ্রমিকদের ত্রাণ বিতরণের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানায়।
বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘আমাদের দেশে পরিবহন সেক্টর শিল্প খাত ঘোষণা করে হাজার কোটি টাকার ব্যবসা হলেও এখনো এ সেক্টর প্রাতিষ্ঠানিক খাত হিসেবে গড়ে ওঠেনি। এ সেক্টরে ৯৮ শতাংশ চালক-শ্রমিকের নিয়োগপত্র ও সুনির্দিষ্ট বেতন নেই, ফলে তাদের বেশিরভাগই দৈনিক রোজগার করে দিনে আনে-দিনে খায় পদ্ধতিতে জীবনযাপন করে। বছরব্যাপী করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দীর্ঘ সময় লকডাউনে গণপরিবহন বন্ধ থাকার পর, সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে চালুর কয়েক মাসের মাথায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় পুনরায় লকডাউনে এসব অসহায় পরিবহন-শ্রমিক অনেকেই অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে।’
তিনি আরও বলেন, ‘পরিবহনের চাকা ঘুরলে রাজপথে হুইসেল বাজিয়ে বা লাঠি নিয়ে যানবাহন আটকে যেসব মালিক-শ্রমিক সংগঠনের নামে প্রতিদিন কোটি কোটি টাকার চাঁদাবাজি হতো, তারাও আজ এসব পরিবহন শ্রমিকদের পাশে নেই।
