কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ছড়ানোর হুমকি

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ০২:১৭ এএম

ফরিদপুরের বোয়ালমারীতে এক কিশোরীকে (১৩) ধর্ষণের পর ছবি ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও কয়েক দফায় ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার ওমর ফারুক সোহান (২২) নামে এক তরুণকে আসামি করে বোয়ালমারী থানায় একটি মামলা করেন ওই কিশোরীর মা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বেশ কিছুদিন ধরেই কিশোরীটিকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল ফারুক। একপর্যায়ে তার সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সুবাদে গত ২ জানুয়ারি সকালে বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে নিজের ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে ফারুক। ওই সময় ধর্ষণের কিছু ছবি নিজের মোবাইলফোনে ধারণ করে রাখে সে। কিছুদিন পর সেসব ছবি ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেয়েটিকে আরও কয়েক দফায় ধর্ষণ করে ফারুক। একপর্যায়ে মেয়েটি আর সাড়া না দেওয়ায় ওই ছবিগুলো এলাকায় ছড়িয়ে দেয় সে।  মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালমারী থানার এসআই মো. কামরুল হোসেন জানান, নির্যাতিতার জবানবন্দি এবং মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে দিনাজপুর জেলার হাকিমপুরের হিলিতে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয় দক্ষিণ বাসুদেবপুরের জিলাপিপট্টি এলাকার এ ঘটনায় গত বুধবার রবিউল ইসলাম ও মাসুদ রানা নামে দুই যুবকের নামে একটি মামলা করেন শিশুটির বাবা। এর আগে গত মঙ্গলবার শিশুটি ধর্ষণের শিকার হয় বলে তার স্বজনরা জানিয়েছেন।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত