কক্সবাজার জেলার পার্শ্ববর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ ইব্রাহীম নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি বলছে, নিহত রোহিঙ্গা যুবক একজন ইয়াবাকারবারি। তিনি কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের লম্বাশিয়া ক্যাম্পের সৈয়দ আলমের ছেলে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানিয়েছেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকা দিয়ে একটি পাচারকারী চক্র ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশের খবরে বিজিবি টহলদলের সদস্যরা উৎপেতে থাকে।
পরে ইয়াবা নিয়ে কিছু লোক বাইশফাঁড়ি সীমান্ত পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে ইয়াবা কারবারিরা গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালালে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ৮০ হাজার ইয়াবা, একটি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুলিশের মাধ্যমে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে বিজিবির এই কর্মকর্তা জানান।
