কমলগঞ্জে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল যুবলীগ

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ০৩:৫১ এএম

করোনা পরিস্থিতি ও শ্রমিক সংকট বিবেচনায় নির্ধারিত সময়ের মধ্যে কৃষকের বোরো ধান কৃষকের ঘরে পৌঁছে দিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে ধান কাটা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

গতকাল শুক্রবার সকালে মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন ও কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র জুয়েল আহমদের নেতৃত্বে উপজেলা যুবলীগের অর্ধশতাধিক নেতাকর্মী এ ধান কাটা কর্মসূচিতে অংশ নেন। এ সময় পৌর এলাকার খুশালপুর গ্রামের কৃষক আজাদ মিয়া ও শহীদ মিয়ার ধানক্ষেতের পাকা ধান কেটে তাদের বাড়ি পৌঁছে দেন তারা।

যুবলীগ নেতাকর্মীরা পাকা ধান কেটে দেওয়ায় কৃষক আজাদ মিয়া ও শহীদ মিয়া অনেকটাই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, ‘ধান কাটার উপযুক্ত সময় হলেও লকডাউনে শ্রমিক সংকটে ছিলাম। এলাকায় যে শ্রমিক পাওয়া যায় তাদের মজুরি বেশি হওয়ায় ক্ষেতের ধান পাকার পরও তা কাটতে না পারায় ক্ষতির শঙ্কায় ছিলাম। আমার এ অসহায়ত্বের কথা শুনে মেয়র জুয়েল ভাই দলের নেতাকর্মী সঙ্গে নিয়ে ক্ষেতের ধান কেটে দেন।’

উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র জুয়েল আহমদ দেশ রূপান্তরকে বলেন, ‘আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় করোনাকালে লকডাউনের কারণে শ্রমিক সংকটের মাঝে অসহায় কৃষকদের পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এভাবে আগামী কয়েক দিন একেক জায়গায় আমাদের নেতাকর্মীরা ধান কেটে ঘরে তুলে দেবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত