বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের তীব্রতার কারণ কী?

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ০৯:০০ এএম

করোনার সাম্প্রতিক দ্বিতীয় ঢেউয়ে শনাক্ত ও আক্রান্তের হার বাড়ায় নতুন করে ‘বিধি-নিষেধ’ আরোপ করা হয়েছে। যদিও প্রথম ঢেউ সফলভাবে সামাল দেওয়ার দাবি করেছিল সরকার।

কেন দ্বিতীয় ঢেউ আগের তুলনায় তীব্র আকার নিয়ে এসেছে— এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। সেখানে বেশ কিছু বিষয় ওঠে এসেছে। যেমন; করোনা বিধি ঢিলেঢালাভাবে মানা ও গবেষণার ঘাটতি।

করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স নিয়ে বেশি গবেষণা করেছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. সমীর সাহা বলেন, সংক্রমণ যখন নিম্নমুখী হয়েছিল, তখন সবার মাঝে একটা ধারণা তৈরি হয়েছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়েছে। সে জন্য সবক্ষেত্রে ঢিলেঢালাভাব থাকার বিষয়টি এবার সংক্রমণের তীব্রতার অন্যতম কারণ।

“আমরা বিয়েবাড়ি থেকে শুরু করে সমুদ্র সৈকত পর্যন্ত সব জায়গায় গেছি। সেটার কারণেই ভাইরাস খুবই যথেচ্ছভাবে আমাদের মাঝে এসেছে। ভাইরাস যখন শরীরে আসে, তখন সে মাল্টিপ্লাই (সংখ্যাবৃদ্ধি) করে এবং এর মধ্যে মিউটেশন হয়। একইভাবে বিস্তারও ঘটে। ফলে স্বাস্থ্যবিধি না মেনে সব জায়গায় ঘুরে বেড়ানো বা জনসমাগম অন্যতম কারণ।”

গবেষণায় আরও কয়েকটি কারণ পেয়েছেন বলেও জানান ড. সমীর। তিনি বলেন, “আমাদের এখানে ইউকে ও সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট এসেছে। এগুলোর বিস্তার হয়েছে সব জায়গায়। সবকিছু মিলিয়েই এই অবস্থা হয়েছে।”

এর বাইরেও আরও কারণ থাকতে পারে। সেগুলো চিহ্নিত করে গভীর গবেষণা করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা বলেছেন, গবেষণায় ঘাটতির কারণেও সংক্রমণ তীব্রতার কারণ বুঝতে বিলম্ব হয়েছে।

“গবেষণা করার মতো প্রতিষ্ঠানের অভাব আছে। এবং মুশকিল হয়েছে যে, গবেষণাগুলোর ওপরও সাধারণ মানুষ এবং নীতি নির্ধারকরাও অনেক সময় পুরোপুরি বিশ্বাস করতে পারেন না। যার ফলে এই যে ভেরিয়েন্ট এসেছে - এটা কিন্তু আমরা দুই তিন মাস পর জানতে পারলাম।”

এদিকে, ভারতে পরিস্থিতি যে খারাপ হচ্ছে, সে ব্যাপারেও বাংলাদেশের নজর রাখার প্রয়োজনীয়তার কথা বলেছেন বিশ্লেষকেরা।

সানিয়া তাহমিনা বলেন, “পশ্চিমবঙ্গে যে ট্রিপল মিউটেটেড ভাইরাস এসেছে, সেটা বাংলাদেশে এলে পরিস্থিতি কী হবে-সেটা ভাবলে গা শিউরে ওঠে।”

তিনি মনে করেন, ভারতে সংক্রমণের ধরন নিয়ে বিশ্লেষণ করে এখনই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।

তবে দ্বিতীয় ঢেউ আসার আগে বিশেষজ্ঞরা কোন পূর্বাভাস সরকারকে দিয়েছিল কি-না, এই প্রশ্নও অনেকে তুলেছেন।

সরকারের বিশেষজ্ঞ বা কারিগরি কমিটির প্রধান অধ্যাপক মো. শহীদুল্লাহ বলেছেন, “যখন আমাদের সংক্রমণ কমা শুরু হলো, তখনো আমরা বলেছি যে আমাদের দ্বিতীয় ঢেউয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।”

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতেই সংক্রমণের বিস্তার ঠেকাতে প্রথমে ১৮ দফা নির্দেশনা দিয়ে জনসমাগম নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল। এরপর দুই সপ্তাহের লকডাউন দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত