যমজ মৃত শিশুদের মরদেহ হাসপাতালে রেখে পালিয়েছে বাবা

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১১:৩৪ পিএম

মৃত যমজ দুই নবজাতকের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেখে এক বাবা পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। ভর্তির সময় ভুয়া ঠিকানা দেওয়ায় হদিস মিলছে না শিশু দুটির অভিভাবকের।

ভর্তির দিনই চিকিৎসাধীন অবস্থায় যমজ শিশু দুটির মৃত্যু হয়। গত দুই দিন ধরে মেডিকেলের মর্গে মরদেহ দুটি পড়ে আছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ভোর ৩টা ১৫ মিনিটে সদ্য ভূমিষ্ঠ দুটি যমজ শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন এক ব্যক্তি। কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তফা অসুস্থ যমজ দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালের ৯ নম্বর শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয়। ভর্তির সময় বাবু নামে এক ব্যক্তি নিজেকে যমজ শিশু দুটির বাবা পরিচয় দেয়। ঠিকানা হিসেবে রংপুরের পীরগঞ্জ বলে জানান তিনি।

ভর্তির দিন চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টা ২০ মিনিটে শিশু দুটি মারা যায়। ভর্তির পর থেকে কোন স্বজন না আসায় হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ হাসপাতালের মর্গে রাখে। এরপর দুই দিন পেরিয়ে গেলেও স্বজনদের খোঁজ না পেয়ে পুলিশকে জানানো হয়।

পরে মেট্রোপলিটন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ রেজিস্ট্রারে লেখা উল্লিখিত ঠিকানায় গিয়ে খোঁজ করেন। কিন্তু ওই ঠিকানা অসম্পূর্ণ হওয়ায় কাউকে খুঁজে পাননি।

এ বিষয়ে এসআই মামুনুর রশীদ বলেন, যমজ শিশু দুটির বাবা পরিচয়ে হাসপাতালের জরুরি বিভাগে যে নাম ঠিকানা দেয়া হয়েছে সেখানে গ্রামের নাম উল্লেখ করা হয়নি। তবুও আমরা খুঁজেছি কিন্তু কাউকে পাইনি। সেখানে কোন ফোন নম্বরও দেওয়া হয়নি। ফলে বাবু নামে কাউকেই খুঁজে বের করা সম্ভব হচ্ছে না। 

তিনি বলেন, ময়নাতদন্ত শেষে কোন অভিভাবক না পেলে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত