রাজশাহী নগরীর ভদ্রা এলাকায় অভিযান চালিয়ে নকল ওষুধ তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে মহানগর পুলিশ। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ, ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
এ ছাড়া এই কারবারে জড়িত নগরীর ভদ্রা জামালপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে শফিকুল ইসলাম ওরফে আনিছ (৪২) ও তার সহযোগী রবিউল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার দুপুরে মহানগর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এসব তথ্য জানান। তিনি জানান, প্রায় দুই বছর আগে ভদ্রা জামালপুর এলাকায় নিজ বাড়িতেই নকল ওষুধ তৈরির কারখানা দেয় আনিস। এরপর থেকে তারা নামিদামি প্রতিষ্ঠানের বহুল ব্যবহৃত ওষুধগুলো নকল করে বাজারজাত করেছে। এসব ওষুধ রাজশাহীসহ বিভিন্ন এলাকার বাজারে রয়েছে।
নকল ওষুধগুলো বাজার থেকে উত্তোলনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাড়িটি থেকে স্কয়ার, এসবি ল্যাবরেটরিজ, নাভানা ও রিলায়েন্স কোম্পানির বিপুল পরিমাণ নকল ওষুধ এবং ওষুধ তৈরির মেশিন বিলিস্টার জব্দ করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কারখানার মালিক আনিছ জানায়, দীর্ঘদিন ঢাকা থেকে কাঁচামাল এনে তারা বিভিন্ন নামিদামি কোম্পানির বহুল ব্যবহৃত ওষুধগুলো তৈরি করছে। পরে নিজস্ব তত্ত্বাবধানে এসব নকল ওষুধ বিভিন্ন ফার্মেসিতে সরবরাহ করত।
