করোনা, চোটসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত আইপিএল দল রাজস্থান রয়্যালস। মাঠ ও মাঠের বাইরে তীব্র অস্বস্তিতে রয়েছে দলটি। এ অবস্থায় তারা অন্যান্য ফ্র্যাঞ্চাইজির কাছে আবেদন জানিয়েছেন, যাতে তাদেরকে বিদেশি ক্রিকেটার লোনে দলে নেওয়ার অনুমতি দেওয়া হয়।
এক ফ্র্যাঞ্চাইজির সিইও জানান ‘আমরা এমন অনুরোধ পেয়েছি। এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। টিম ম্যানেজমেন্ট এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
আরেক ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী বলেন, ‘আমাদের উদ্বৃত্ত খেলোয়াড়ের মধ্যে থেকে তাদের দু-একজন খেলোয়াড় দিতে পারি কি-না, সেটা বিবেচনা করে দেখব আমরা।’
গত শনিবার নিজেদের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারায় রাজস্থান। সেই ম্যাচ শেষেই তাদের ডাইরেক্টর অফ ক্রিকেট অপারেশন কুমার সাঙ্গাকারাকে বাকি সদস্যদের বার্তা দিতে দেখা যায়, অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাই পরের দিন দেশে ফিরছেন।
পরবর্তীতে টাই নিজে মুখ খুলে জানান, করোনার কারণে দেশে প্রবেশে নিষেধাজ্ঞার কোপে পড়তে পারেন। এই ভয়েই তিনি আইপিএলের মাঝ পথে দেশে ফিরেছেন।
এর আগে হাতের আঙুল ভেঙে যাওয়ার কারণে ইংল্যান্ডে ফিরে যান বেন স্টোকস। অপারেশনও হয়েছে তার। ১২ সপ্তাহ তিনি হয়তো মাঠের বাইরে থাকবেন। জোফরা আর্চারও কনুইয়ের অপারেশনের পরে সুস্থ না হওয়ার কারণে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। বায়ো-বাবলে থাকার কারণে ক্লান্তি অনুভব করায় দেশে ফিরেছেন লিয়াম লিভিংস্টোনও।
এই অবস্থায় মহা সমস্যায় পড়েছে রাজস্থান। বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানসহ দলটিতে বিদেশি আছেন এখন মাত্র চারজন। উপায় না পেয়ে, মোস্তাফিজদের দলটা তাই আইপিএলের অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে চিঠি লিখেছে, যাতে তাদের কয়েকজন বিদেশি খেলোয়াড় ধার দেওয়া হয়।
