সোমবার ৯৩তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসরে বিদেশি ভাষার সেরা সিনেমা হিসেবে পুরস্কার জেতে ‘অ্যানাদার রাউন্ড’। সেই ছবির ইংরেজি রিমেক হতে যাচ্ছে।
স্ক্রিন ডেইলি জানায়, ডেনমার্কের এ সিনেমায় ম্যাডস মিকেলসনের অভিনীত চরিত্রে থাকছেন অস্কার-জয়ী অভিনেতা লিওনার্দো ডিকাপ্রিও। তিনি প্রযোজকের দায়িত্বও পালন করবেন।
অভিনেতার প্রতিষ্ঠান আপিয়ান ওয়ে ‘অ্যানাদার রাউন্ড’-এর স্বত্ব কিনেছে। নিলামের মাধ্যমে তারা সিনেমাটি নির্মাণের অনুমতি পায়।
মূল ছবির পরিচালক থমাস ভিন্টারবার্গ নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত থাকবেন বলেও জানা গেছে। তবে কে পরিচালনা করছেন এখনো স্পষ্ট নয়।
ছবির গল্প চার মধ্যবয়সী পুরুষকে নিয়ে, যাদের একজন জীবনকে আরও উত্তেজনাপূর্ণ করতে বেশি বেশি মদপানে ঝুঁকে পড়েন।
অস্কারের আগে একাধিক নামি উৎসবে মনোনয়ন ও পুরস্কার জিতে নেয় ‘অ্যানাদার রাউন্ড’।
সেরা পরিচালক বিভাগেও অস্কারে মনোনয়ন পান পরিচালক ভিন্টারবার্গ। সেরা বিদেশি ভাষার ছবির পুরস্কারটি মেয়ে আইডার প্রতি উৎসর্গ করেন তিনি। ‘অ্যানাদার রাউন্ড’ নির্মাণের শুরুর দিকে ১৯ বছরের আইডা এক গাড়ি দুর্ঘটনায় মারা যান।
এ দিকে ডেডলাইন জানায়, বড় কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে লড়ে ছবিটির রিমেক স্বত্ব কিনেছেন লিওনার্দো ডিকাপ্রিও।
