শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ০৬:২৪ এএম

মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারে এক শিশুকে (১০) প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগে মো. বিল্লাল বেপারী (৬০) নামে এক মাদ্রসা পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার পান্তাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত বিল্লাল একই এলাকার সিরাজ ব্যাপারীর ছেলে ও স্থানীয় খাতেমন নেছা হাফেজী মহিলা মাদ্রাসার পরিচালক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বেশ কিছুদিন ধরেই ভুক্তভোগী ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল ওই মাদ্রাসা পরিচালক বিল্লাল। একপর্যায়ে শিশুকে ফুঁসলিয়ে তার নিজ বসতঘরে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে। শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায় বিল্লাল। পরে বিষয়টি বুঝতে পেরে শিশুর খালাকে খবর দেয় তার সহপাঠীরা।

ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান জানান, এ ঘটনায় শিশুর খালা বাদী হয়ে বিল্লালকে আসামি করে থানায় মামলা করেন। গতকাল মঙ্গলবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত