ফেনীর সোনাগাজীতে আমড়া গাছে ওঠায় ৭ বছর বয়সী এক শিশুকে মারধরের ঘটনায় গুরা মিয়া নামের ৭৮ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে সোনাগাজী মডেল থানায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মধ্যম চরছান্দিয়া গ্রামের সফি মিস্ত্রি বাড়ির গুরা মিয়ার দোকানের সামনে আমড়া গাছে ওঠে জাহাঙ্গীরের ছেলে যোবায়ের ইসলাম রুহান। দেখতে পেয়ে বৃদ্ধ গুরা মিয়া ওই শিশুকে গাছ থেকে নামিয়ে মধ্যযুগীয় কায়দায় মারধর করেন। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে শিশু রুহানকে উদ্ধার করে।
নির্যাতিত রুহানের বাবা জাহাঙ্গীর আলম জানান, আমার ছেলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে না এলে গুরা মিয়া লাথি দিয়ে তাকে মেরেই ফেলতো।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ জানান, গুরা মিয়াকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
