ছাত্র অধিকার পরিষদের আকরামকে তুলে নেওয়ার অভিযোগ

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ০১:৩০ পিএম

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরয় থেকে গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ছাত্র অধিকার পরিষদের।

পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রাশেদ খান এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।

সেখানে বলা হয়, দুলাভাইয়ের ফ্লাইট বাতিলের খবর শুনে তাকে বিমানবন্দর থেকে আনতে গিয়েছিলেন আকরাম। সঙ্গে ছিলেন তার এক বন্ধু। দিবাগত রাত একটার দিকে বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালের ৫ নম্বর ফটকে আকরাম ট্রলি হাতে হাঁটছিলেন। এ সময় সাদাপোশাকে থাকা দুই ব্যক্তি এসে আকরামের পরিচয় জানতে চান। মুহূর্তেই সাদাপোশাকধারী আরও সাত থেকে আটজন লোক এসে আকরামের সঙ্গে কথা আছে বলে তাকে পাশে নিয়ে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যান।

রাশেদ খান বলেন, এখন পর্যন্ত আকরামের কোনো খোঁজ পাওয়া যায়নি। তারা অতিসত্বর সুস্থ-স্বাভাবিক অবস্থায় আকরামকে ফেরত চান। পবিত্র রমজান মাসে এভাবে একজন শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার তীব্র নিন্দা জানান তিনি।

পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৫ মার্চ থেকে এখন পর্যন্ত বিভিন্ন মামলায় ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের অন্তত ৫৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাশেদ খান বলেন, করোনা মহামারি ও পবিত্র রমজান মাসে এভাবে গ্রেপ্তার অমানবিক ও নিন্দনীয়। সরকারকে ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পাশাপাশি আটক ও গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি গ্রেপ্তার বন্ধের দাবি জানান।

আকরাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। ত্রৈমাসিক ‘সমাজচিন্তা’ পত্রিকার সম্পাদকের দায়িত্বেও আছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত