কাপ্তাই হ্রদে আজ থেকে ৩ মাস মাছ ধরা নিষিদ্ধ

আপডেট : ০১ মে ২০২১, ১২:৩১ পিএম

প্রাকৃতিক প্রজনন বৃদ্ধিসহ কার্প জাতীয় মাছের আধিক্য বাড়াতে শনিবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা তথা বাসস এক প্রতিবেদনে জানায়, নিষেধাজ্ঞার সময়ে মাছের উৎপাদন বাড়াতে প্রতি বছর ৪ মেট্রিক টন পোনা হ্রদে অবমুক্ত করা হলেও এবারে তা বৃদ্ধি করে ৫০ মেট্রিক টনেরও বেশি পোনা হ্রদে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন রাঙামাটি বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার তৌহিদুল ইসলাম।

তিনি জানান, অন্যান্য সময়ে কাপ্তাই হ্রদের মাছ আহরণের বন্ধকালীন সময়ে পোনা অবমুক্ত করতে দেরি হলেও এবার বন্ধের একদিন পরে ২ মে পোনা অবমুক্ত করার কার্যক্রমের উদ্বোধন করবো। এতে করে দ্রুত সময়ে হ্রদে মাছের উৎপাদন বাড়বে।

এ নিষেধাজ্ঞা চলাকালে কাপ্তাই হ্রদে মাছ আহরণ ও বাজারজাতকরণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন রাঙামাটি বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার তৌহিদুল ইসলাম।

তিনি জানান, হ্রদে অবৈধ ব্যবসায়ী ও জেলেরা যাতে মাছ শিকার করতে না পারে সে জন্য বিএফডিসির পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হ্রদে নৌ পুলিশের মাধ্যমে সর্বত্র পাহারা বসানোর ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে কেউ যাতে চুরি করে কাপ্তাই হ্রদে মাছ শিকার করতে না পারে।

কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধি করতে হ্রদে ৩ মাস মাছ আহরণের প্রতি সমর্থন জানিয়ে রাঙামাটির মৎস্য ব্যবসায়ী নেতা মো. মাহফুজুর রহমান বলেন, শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদে কিছু অসাধু ব্যবসায়ী হ্রদে জাল দিয়ে ছোট ছোট মাছের পোনাগুলো ধরে ফেলে। হ্রদে যাতে অবৈধভাবে মাছ আহরণ কেউ করতে না পারে সে জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ দিকে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, কাপ্তাই হ্রদের সঙ্গে সম্পৃক্ত ২২ হাজার জেলের জন্য সরকারের পক্ষ থেকে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হবে। তাই বন্ধকালীন সময়ে অবৈধভাবে মৎস্য শিকার না করতে সংশ্লিষ্ট সকলকে তিনি আহ্বান জানান।

গত ২৬ এপ্রিল রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি সভায় ১ মে থেকে আগামী ৩ মাসের জন্য কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।

এশিয়ার সর্ব বৃহত্তম একমাত্র কৃত্রিম হ্রদ কাপ্তাই। এ হ্রদের মৎস্য ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে কয়েক লাখ পরিবারের জীবন-জীবিকা। এ হ্রদ থেকে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে পরিবার গুলো। মিঠা পানির মাছ হিসেবে কাপ্তাই হ্রদের মাছের একটি দারুণ চাহিদা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত