তারকাবহুল ‘আনন্দমেলা’ নিয়ে ফেরদৌস-পূর্ণিমা

আপডেট : ০৪ মে ২০২১, ০২:৪৪ এএম

ঢালিউডের দুই তারকা ফেরদৌস আহমেদ আর পূর্ণিমা শুধু অভিনয়ে নয়, মঞ্চেও সমান জনপ্রিয় জুটি। তারা একসঙ্গে প্রায়ই হাজির হন দেশের নানা প্রান্তের স্টেজ শোতে। কখনো উপস্থাপনা, কখনো নাচ-গানে দর্শক মাতান। এবার এই জুটিকে দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনের ঈদের জনপ্রিয় অনুষ্ঠান ‘আনন্দমেলা’ উপস্থাপনা করতে। দুই বছর বিরতির পরে আবার ‘আনন্দমেলা’ উপস্থাপনা করতে যাচ্ছেন তারা। গতকাল বিটিভির রামপুরার স্টুডিওতে উপস্থাপনার অংশের শ্যুটিংয়ে অংশ নেন তারা। ফেরদৌস বলেন, ‘ছোটবেলা থেকে বিটিভি দেখেই আমরা বড় হয়েছি। ঈদের ‘আনন্দমেলা’ মানেই আমাদের কাছে বিশেষ কিছু। প্রস্তুতি নিয়ে পরিবারের সবার সঙ্গে দেখতে বসতাম। সেই অনুষ্ঠানে এখন নিজেই উপস্থাপনা করছি। এই ভালো লাগার কথা বলে বোঝানো যাবে না। সত্যিকার অর্থেই এটা সম্মানের। বিটিভির স্টুডিওতে ধারণকৃত ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে বরাবরই দর্শক উপস্থিতি থাকে। করোনা পরিস্থিতির কারণে গত বছরও দর্শকের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয়নি। তারপরও এই অস্থির সময়ে দর্শকদের বিনোদন দিতে অনুষ্ঠানটি নির্মাণ করছেন কর্তৃপক্ষ। পূর্ণিমা বলেন, ‘ছোটবেলায় বিটিভিতে ‘এসো গান শিখি’, ‘আলোর দিশারি’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। এখন বড় হয়ে উপস্থাপক হিসেবে আবার বাংলাদেশ টেলিভিশনে এসেছি। তাও আবার ‘আনন্দমেলা’র মতো অনুষ্ঠানে। সত্যি, ভীষণ ভালো লাগার অনুভূতি।’

জানা গেছে, এবারের ঈদ ‘আনন্দমেলা’য় অনেক ধরনের পরিবেশনা থাকবে। এর মধ্যে গানে মমতাজ এবং নৃত্য পরিবেশনায় দেখা যাবে তারিন, অপু বিশ্বাস, মাহিয়া মাহি প্রমুখকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত