মামলা থেকে বাঁচতে অন্তঃসত্ত্বা শ্যালিকাকে বিয়ে

আপডেট : ০৫ মে ২০২১, ০৭:১৯ এএম

বরিশালের মুলাদী উপজেলায় স্ত্রীকে তালাক দেওয়ার চার দিনের মাথায় অন্তঃসত্ত্বা শ্যালিকাকে বিয়ে করেছেন জুয়েল হাওলাদার নামে এক ব্যক্তি। উপজেলার কাজিরচর ইউনিয়নের উত্তর কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, দুলাভাইয়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে নবম শ্রেণির ওই ছাত্রী (১৫) অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।  এরপর বিয়ের জন্য চাপ দিলে জুয়েল প্রথমে রাজি হয়নি। এরপর ধর্ষণ মামলার হুমকি দিলে গত ২৫ এপ্রিল জুয়েল প্রথমে স্ত্রীকে খোলা তালাক দেন। এরপর ২৯ এপ্রিল তার ছোট বোনকে বিয়ে করেন। আট মাস আগে জুয়েল পার্শ্ববর্তী মেহেন্দিগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামে বিয়ে করেন। শ্বশুরবাড়ি যাতায়াতের সুবাদে শ্যালিকার সঙ্গে তার সম্পর্ক হয়।

এ বিষয়ে জুয়েল হাওলাদার বলেন, ‘স্ত্রীর সঙ্গে আমার বনিবনা হচ্ছিল না।

এজন্য তাকে তালাক দিয়েছি। পরে শ্যালিকার সম্মতিতে তাকে বিয়ে করেছি।’

মুলাদীর কাজিরচর ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী নূর শরীফ বলেন, ‘জুয়েল ২৫ এপ্রিল আমার মাধ্যমে স্ত্রীকে খোলা তালাক দেন। এর চার দিনের মাথায় তার ছোট বোনকে বিয়ে করেন। পাত্রীর ১৮ বছর বয়সের কাগজপত্র দেখালে আমি বিয়ে রেজিস্ট্রি করেছি।’ মুলাদী থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, উত্তর কাজিরচর গ্রামে কিশোরীকে বিয়ের খবর তারা শুনেছেন। খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত